বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় সারা দেশে ষষ্ঠ স্থান অর্জন করে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী মো. মহিউদ্দিন (রুমান)।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের সন্তান মহিউদ্দিন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই আইন পেশার প্রতি আগ্রহ ছিল তাঁর। এক শিক্ষকের অনুপ্রেরণায় আইন পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় এবং পরবর্তীতে জজ হওয়ার স্বপ্ন দেখেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে ৮৭তম হয়ে আইন বিভাগে ভর্তি হন।

বিজেএস পরীক্ষার প্রস্তুতিতে কঠোর পরিশ্রম করেছেন মহিউদ্দিন। এমনকি লিখিত পরীক্ষার আগে ঈদের ছুটিতেও বাড়ি না গিয়ে হলে থেকে পড়াশোনা করেন। তাঁর ভাষ্য, বাবা-মাকে সম্মানিত করা এবং বিশেষ করে তাঁর ৮৫ বছরের বেশি বয়সী বাবাকে নিজের সফলতা দেখানোর ইচ্ছা তাঁকে কঠিন সময়েও অনুপ্রেরণা দিয়েছে।

মহিউদ্দিনের এই অসাধারণ সাফল্যে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সফলতা কামনা করে অভিনন্দন জানানো হয়েছে।