ইসলামী সংগীতের সুরে শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি পড়াশোনাতেও নিজের মেধার স্বাক্ষর রেখেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইসলামী সংগীতশিল্পী সাঈদ মানছুর নাহিয়ান। ২০২৪ সালের দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করেছে সে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লড়াইরচর মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে নাহিয়ান।
ছোটবেলা থেকেই ইসলামী সংগীতের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে নাহিয়ানের। সংগীতচর্চার পাশাপাশি নিয়মিত পড়াশোনায়ও মনোযোগী ছিল সে। তার এই সাফল্য প্রমাণ করেছে, প্রতিভা ও অধ্যবসায়ের সঙ্গে সঠিকভাবে এগিয়ে গেলে পড়াশোনা ও সাংস্কৃতিক চর্চা দুই ক্ষেত্রেই সাফল্য অর্জন করা সম্ভব।
নাহিয়ানের অসাধারণ ফলাফলে আনন্দিত তার পরিবার। ছেলের এ সাফল্যের জন্য সৃষ্টিকর্তার দরবারে অশেষ শুকরিয়া আদায় করেছেন তার গর্বিত বাবা-মা। একই সঙ্গে নাহিয়ানের সাফল্যের পেছনে অবদান রাখায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন তারা।
এদিকে, ২০২৪ সালের দাখিল পরীক্ষায় লড়াইরচর মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসার ফলাফলও ছিল প্রশংসনীয়। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
নাহিয়ানের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, পড়াশোনার পাশাপাশি ইসলামী সংগীতচর্চায়ও তার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে মেধা, প্রতিভা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে নাহিয়ান এমনটাই প্রত্যাশা সবার।

