রাজধানীর বনশ্রীর জি-ব্লক মেইন রোডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ও চাঁদপুরের মেয়ে তাসপিয়া আহমেদ তিশা (৩১)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজনদের ভাষ্য, মোটরসাইকেলে যাওয়ার সময় তিশা পড়ে গেলে পেছন থেকে আসা বাসের সঙ্গে দুর্ঘটনা ঘটে। পরে দুটি বাসের চাপায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে সড়কে রক্তের ছোপ ও বাসের চাকায় হাতের ছাপ পড়ে থাকতে দেখা যায়।

তিশা মাইলস্টোনের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি ঢাকার খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।