চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসী স্বামীর আর্থিক সহায়তায় পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পাওয়ার পর স্ত্রী তাকে তালাক দিয়েছেন—এমন অভিযোগ উঠেছে।
রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের সাইফুল ইসলাম (খোকন) ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের রঘুরামপুর গ্রামের জান্নাতুল ফেরদৌসের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর সাইফুল মালয়েশিয়ায় চলে যান এবং স্ত্রীর পড়াশোনার খরচ বহন করেন বলে দাবি করা হয়েছে। পরে জান্নাতুল ফেরদৌস সরকারি চাকরি পাওয়ার পর তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং একপর্যায়ে তালাকের ঘটনা ঘটে।
তবে জান্নাতুলের পরিবারের দাবি, স্বামী বিদেশে থাকাকালে যথাযথ খোঁজখবর না রাখায় তিনি তালাক দিয়েছেন। তার ভাই ফয়সালও স্বামীর অর্থে বোনের পড়াশোনার বিষয়টি স্বীকার করেছেন।
জান্নাতুলের সরাসরি বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।



