জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার তদারকি দায়িত্বপ্রাপ্ত এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শুধু নেতৃত্ব নয়, দলের সর্বস্তরের নেতাকর্মীদেরও প্রস্তুত করে তুলতে হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, মানুষের প্রত্যাশা ও কল্যাণকে সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতির সূচনা করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই রাজনৈতিক ধারাবাহিকতা এগিয়ে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও নিয়মিত মতবিনিময় জরুরি।
তিনি বলেন, দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচিত করেছে, তা পূরণে দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিভিন্ন রাজনৈতিক দলের স্বাক্ষর করা জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। নোট অব ডিসেন্ট থাকলেও সনদে প্রতিফলিত জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
হুইপ বলেন, শুধু কাগজে-কলমে পরিকল্পনা তৈরি করলেই হবে না। জুলাই সনদ, ৩১ দফা ও নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তৃণমূল পর্যায় থেকে দলের সবাইকে সম্পৃক্ত করে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে। আর এ কার্যক্রমের সূচনা চাঁদপুর থেকেই করতে চান তিনি।
নিজের দায়িত্বের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার দায়িত্ব দিয়েছেন। এসব জেলায় নির্বাচিত সংসদ সদস্য ও দলের সাংগঠনিক নেতারা রয়েছেন। তাদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করতে তিনি একটি মাধ্যম হিসেবে কাজ করার চেষ্টা করবেন।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে মতবিনিময় সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
সভায় বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের দেড় শতাধিক নেতা অংশ নেন।


