চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা ১২ নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে "লড়াইরচর ইউনাইটেড ক্লাবের" উদ্যোগে “বার্ষিক কুইজ প্রতিযোগিতা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে ফলাফল প্রকাশ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

কুইজ প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ জন শিক্ষার্থীদের হাতে সর্বমোট ১৭ হাজার টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি এবং তরুণ সমাজকে সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা লড়াইরচর ইউনাইটেড ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জ্ঞান, সৃজনশীলতা ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, বিজয়ী, অতিথি, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।